`জাভেদ মিয়াঁদাদ’ই সমস্যা ফয়সাল ইকবালের!
পাকিস্তান ক্রিকেটে কিছু খেলোয়াড় রয়েছেন, যাঁরা সব সময়ই ক্রিকেট বোর্ডের সুদৃষ্টি থেকে বঞ্চিত। ফয়সাল ইকবাল তাঁদেরই একজন। অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের হয়ে খেলেছেন মাত্র ২৬ টেস্ট ও ১৮টি ওয়ানডে। সেই ২০০০ সাল থেকে ক্যারিয়ারটার সূচনা হলেও তাঁর আন্তর্জাতিক ম্যাচ খেলার সংখ্যাই বলে দেয় কী ভীষণ অবহেলার স্বীকার হয়েছেন তিনি। ব্যক্তিগতভাবে তিনি পাকিস্তানি ক্রিকেট কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের ভাগ্নে। মাঠে খেলতে নামলেই ‘ফয়সাল ইকবাল’ নামটি ছাপিয়ে বেশি উচ্চারিত হয় মামা জাভেদ মিয়াঁদাদের নাম। আর এটিই নাকি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় ক্ষতিটা করেছে। ব্যাপারটি স্বীকার করেছেন ফয়সাল নিজেই।সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেছেন ফয়সাল। সর্বশেষ তিনটি প্রথম শ্রেণীর ম্যাচে তাঁর সংগ্রহ একটি সেঞ্চুরি ও দুটি পঞ্চাশ। ব্যাটিংয়ের গড়টাও অন্য যেকোনো ব্যাটসম্যানের তুলনায় ঈর্ষণীয়। তার পরও পিসিবি প্রণীত খেলোয়াড়দের সাম্প্রতিক চুক্তির তালিকা থেকে তাঁর নামটা বাদ পড়ে গেছে আশ্চর্যজনকভাবেই।পুরো ব্যাপারটিই ফয়সাল ইকবালের কাছে এক রহস্যের নাম। তিনি ভেবে পাচ্ছেন না, ঘরোয়া ক্রিকেটে এত ভালো পারফর্ম করার পরও তাঁর নামটি কেন পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই!অনেক ভেবে তিনি কিছু কারণ বের করেছেন। এই কারণগুলোর মধ্যে সবচেয়ে প্রধান কারণ হিসেবে তিনি বলেছেন মামা জাভেদ মিয়াঁদাদের নাম। ‘আমার সবচেয়ে বড় সমস্যা আমি জাভেদ মিয়াঁদাদের আত্মীয়। সে কারণেই আমি পিসিবির রোষের শিকার।’ ফেসবুকে নিজের স্ট্যাটাসে এমন একটি কথাই অকপটে লিখে ফেলেছেন ফয়সাল।তিনি আরও বলেছেন, ‘দয়া করে টেস্ট ক্রিকেটারদের উত্ত্যক্ত করা বন্ধ করুন।’ এই মন্তব্যটিও তিনি করেছেন পিসিবিকে উদ্দেশ্য করে।তিনি মনে করেন, ‘পিসিবির ব্যাপারটি আমার প্রতি ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে। যেখানে তাদের কাছে ঘরোয়া ক্রিকেটে আমার পারফরম্যান্সের কোনোই দাম নেই। তারা সিদ্ধান্ত নিয়েই রেখেছে যে আমাকে জাতীয় দলে খেলতে দেওয়া যাবে না।’ রাগে, দুঃখে, ক্ষোভে যে তিনি এই মুহূর্তে পিসিবির কেন্দ্রীয় চুক্তিকে থোরাই কেয়ার করছেন, তাও ঝরে পড়েছে তাঁর সর্বশেষ মন্তব্যে। তিনি বলেছেন, ‘পিসিবিকে আমি জানিয়ে দিতে চাই এই যুগে কোনো খেলোয়াড়ই একটি চুক্তির আশায় বসে থাকবে না। এই পৃথিবীতে পেশাদারি ক্রিকেটের অনেক জায়গা রয়েছে, যার প্রস্তাব দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই একজন পেশাদার ক্রিকেটারের হাতে এসে যেতে পারে। ওয়েবসাইট।